পটুয়াখালীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ. লীগ নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
পটুয়াখালীর বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাতে বাউফল থানা পুলিশের একটি দল জেলা পুলিশের সহযোগিতায় সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী। এ সময় বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন